ফিক্সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে স্বেচ্ছায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মোখলেসুর রহমান শামীম।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিসিবি পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যানসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান তিনি।
সম্প্রতি দেশের এক ফ্রিল্যান্স সাংবাদিকের প্রতিবেদনে শামীমের বিরুদ্ধে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পর তদন্তের স্বার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তবে শামীম স্পষ্ট করেন, তার এই পদত্যাগ কোনোভাবেই দোষ স্বীকার নয়।
ফেসবুক পোস্টে শামীম লেখেন, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানসহ সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন, যেন একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি দায় স্বীকার নয়, বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার প্রতি তার দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
তিনি আরও লেখেন, সিদ্ধান্তটি কষ্টের হলেও ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনামই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে শামীম বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। দেশের ক্রিকেটের পাশে সবসময় ছিলেন এবং থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।
সর্বশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হন মোখলেসুর রহমান শামীম। পরে তাকে অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
অভিযোগকারী ক্রীড়া সাংবাদিকের প্রতিবেদনে দাবি করা হয়, চলতি বিপিএলের সিলেট পর্বে নোয়াখালী এক্সপ্রেসের একটি ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে শামীম জড়িত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, সিলেটের একটি হোটেলে ম্যাচ গড়াপেটা সংক্রান্ত বৈঠক আয়োজন, পরিকল্পনা ও অর্থ লেনদেনের বিষয়গুলো তার নিয়ন্ত্রণেই ছিল। এ সংক্রান্ত কল রেকর্ডও অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
