ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ হারিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তবে আইপিএলে জায়গা না পেলেও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তার চাহিদা যে কমেনি, সেটাই প্রমাণ করলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজের ছবি প্রকাশ করে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।’
আইপিএলের মতো পাকিস্তানের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে আগামী ২৬ মার্চ। আসর চলবে ৩ মে পর্যন্ত। সাত বছর পর আবারও এই টুর্নামেন্টে ফিরছেন মোস্তাফিজ। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলেছিলেন তিনি, যেখানে ৫ ম্যাচে ৪ উইকেট শিকার করেন।
তবে পিএসএলে কোন দলের হয়ে খেলবেন মোস্তাফিজ, তা এখনো চূড়ান্ত হয়নি। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে তার দল নির্ধারণ করা হবে। ড্রাফটের তারিখও এখনো ঘোষণা করা হয়নি। উল্লেখযোগ্যভাবে, এবারই প্রথম পিএসএল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলের অংশগ্রহণে, যা টুর্নামেন্টের একাদশ ও সবচেয়ে বড় আসর।
এর আগে এবারের আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে গত শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। আর সেই পরিস্থিতিতেই মোস্তাফিজকে সুযোগ দেয় পিএসএল।
