২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় মোট ৫০৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৫০০টি এবং দেশের বাইরে ৭টি কেন্দ্র রয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসনিক কারণে ১৭টি কেন্দ্র বাতিল করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় কিশোরগঞ্জ জেলার হাওড় অধ্যুষিত নিকলী ও অষ্টগ্রাম উপজেলার ৪টি ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ মাধ্যমিক পর্যায়ের সব প্রধান শিক্ষক এবং কলেজ অধ্যক্ষদের চূড়ান্ত কেন্দ্র তালিকা দেখে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। কেন্দ্রগুলোর বিস্তারিত তালিকা ও বিন্যাস ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
এদিকে সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও চলতি বছর রোজা ও জাতীয় নির্বাচনের কারণে পরীক্ষার সময়সূচি কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বোর্ড। ইতোমধ্যে ৩১ ডিসেম্বর থেকে পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে, যা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চলবে।
