বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত এক বড় সুখবর দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যুর হার আরও বাড়ানো হবে।
নয়াদিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতা প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন,
বাংলাদেশে আমাদের অন্যতম বৃহৎ ভিসা কার্যক্রম চলছে। যদিও গত বছরের জুলাই-আগস্টের কিছু ঘটনার পর তা কিছুটা কমে গিয়েছিল, এখন আবার তা দ্রুত বাড়ছে।
তিনি আরও জানান, নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য ভিসা প্রক্রিয়া ধীর হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি অনেক উন্নত, এবং ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করা হবে।
বিক্রম মিশ্রি বলেন,
আমাদের লক্ষ্য ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। আমরা বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সেবা আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক করতে চাই।
ভারত সফরে থাকা বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দল এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা ও ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করে।
এ উদ্যোগের ফলে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে।
