যমুনার পানি পৌঁছেছে তাজমহলের দেয়াল পর্যন্ত

বিনোদন ডেস্ক

1 Min Read

টানা ভারী বর্ষণে ফুলেফেঁপে ওঠা যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ভারতের আগ্রায় অবস্থিত বিশ্ব ঐতিহ্য তাজমহলের বাইরের দেয়াল পর্যন্ত পৌঁছেছে। এতে অমর এই স্থাপত্য নতুন করে ঝুঁকির মুখে পড়লেও স্থানীয় প্রশাসন বলছে, বর্তমানে কোনো ক্ষতির আশঙ্কা নেই।

নদীর তীরবর্তী কয়েকটি বসতবাড়ি পানিতে প্লাবিত হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন একটি কন্ট্রোল রুম চালু করেছে এবং কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের নিম্ন হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টির কারণে যমুনার পানি বৃদ্ধি পায়। এর ফলেই আগ্রায় পানির চাপ বেড়ে তাজমহলের চারপাশের এলাকাগুলোতে প্লাবন দেখা দিয়েছে।

স্থানীয় ইতিহাসবিদ রাজ কিশোর রাজে জানান, পানির উচ্চতা ২০২৩ সালের মতোই বেড়েছে এবং তাজমহলের দেয়াল পর্যন্ত পৌঁছেছে। তবে মুঘল আমলের স্থাপত্য কৌশলে নির্মিত এই স্মৃতিস্তম্ভ এমন পরিস্থিতি সহ্য করতে সক্ষম, ফলে এখনো কোনো ক্ষতি হয়নি।

এর আগে ২০২৩ সালে প্রায় ৪৫ বছর পর যমুনার পানি তাজমহল কমপ্লেক্সের বাইরের দেয়ালের কাছে পৌঁছেছিল। সেসময় পেছনের বাগানও প্লাবিত হয়। তারও আগে, ১৯৭৮ সালের ভয়াবহ বন্যায় একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *