শেখ হাসিনার উত্তরসূরি পরিকল্পনা: পরিবারকেই সামনে আনার কৌশল

সিদ্দিকুর রহমান, ডেস্ক রিপোর্ট

2 Min Read

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধীরে ধীরে দলের নেতৃত্ব পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে চাইছেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন উঠেছে। বিশেষ করে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে কেন্দ্র করেই দলকে নতুন করে সাজানোর নেপথ্য প্রস্তুতি চলছে বলে দাবি করেছে একাধিক সূত্র।

ভারতের কংগ্রেস নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে সামনে চলে এসেছেন, আওয়ামী লীগেও তেমন একটি কাঠামো তৈরি হতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। বয়স ও স্বাস্থ্যজনিত কারণে সোনিয়া গান্ধীর সক্রিয়তা সীমিত হয়ে আসার পর কংগ্রেসে যেমন উত্তরসূরি পরিবার থেকেই উঠে এসেছে, শেখ হাসিনা সেই মডেলই অনুসরণ করছেন বলে জানা যাচ্ছে।

সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করছেন। গণমাধ্যমে বক্তব্য রাখা ও দলের অবস্থান স্পষ্ট করা তার নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে।
অন্যদিকে সায়মা ওয়াজেদ সাম্প্রতিক সময়ে রাজনীতিতে অনেক বেশি সক্রিয় হয়েছেন। তিনি মায়ের ঘনিষ্ঠ সহকারী হিসেবে নানান কর্মসূচি, বক্তৃতা ও বৈঠকের সমন্বয় করছেন। শেখ হাসিনার সঙ্গে একই শহরে অবস্থান করায় মায়ের প্রত্যক্ষ কার্যক্রমেও যুক্ত হচ্ছেন নিয়মিত।

শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকেও ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোর অংশ হিসেবে ভাবা হচ্ছে বলে দলীয় ঘনিষ্ঠ মহলে আলোচনা চলছে। এতে স্পষ্ট হচ্ছে—শেখ হাসিনা পরিবারকেই দলের কেন্দ্রীয় অবস্থানে রাখতে চান।

তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করেছেন, নেতৃত্বের উত্তরাধিকার বা ‘সাকসেসন প্ল্যান’ নিয়ে দলে কোনো আলোচনা হয়নি। তার ভাষায়,

বর্তমান সময়ে আমাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার। কে কোন পদে আসবেন, সেটা এখন আলোচনার বিষয় নয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তার বিরুদ্ধে অসংখ্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের ওপরও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় কার্যক্রম সীমিত হলেও শেখ হাসিনা ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে নীরব কৌশল অবলম্বন করছেন। এতে পরিবারভিত্তিক রাজনীতির নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *