সরকার উৎখাতের ষড়যন্ত্রে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগে বলা হয়েছে, ‘জয় বাংলা ব্রিগেড’-এর অনলাইন বৈঠকে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তারা জড়িত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক চার্জশিট দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণ করে দণ্ডবিধি আইনের ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা তামিলের প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর এক জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েকজন অংশ নেন। সেখানে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন এবং দেশবিরোধী বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলা করেন তদন্ত কর্মকর্তা এনামুল হক। সিআরপিসির ১৯৬ ধারায় অনুমোদন পেয়ে তদন্ত শেষে মোট ২৮৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *