সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদা পাথর সাত দিনের মধ্যে আগের স্থানে ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে সকালে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে আরও একটি রিট করা হয়। এ রিটের শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন ধার্য করা হয়েছে। এ আবেদনে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা করার দাবি জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়েছে। অভিযোগ রয়েছে, এসব কর্মকাণ্ড দিনের বেলায় প্রশাসনের সামনেই ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
