ডিজিএফআই এর সাবেক ডিজি সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক সাইফুল আলমের নামে ট্রাস্ট ব্যাংক পিএলসির একটি হিসাবে থাকা ৭৭ লাখ ৫৬৯ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

একই সঙ্গে সাইফুল আলমের স্ত্রী লুবনা আফরোজা এবং দুই কন্যা সারাহ জুমানা ও জারিফা বিনতে আলমের নামে ট্রাস্ট সিটি প্রকল্পে কেনা ৫ কাঠা জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য প্রায় ২ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক ব্যাংক হিসাব অবরুদ্ধ ও স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, সাইফুল আলমের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করে অনুসন্ধান চালাতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

তদন্তে প্রাথমিকভাবে দেখা গেছে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ স্থানান্তর এবং প্লট ক্রয়ের জন্য জমা রাখা অর্থ উত্তোলনের মাধ্যমে সম্পদ গোপনের চেষ্টা করছেন। এসব প্লটের রেজিস্ট্রেশন এখনো সম্পন্ন হয়নি।

দুদকের মতে, তদন্ত শেষ হওয়ার আগে এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা কঠিন হবে। এ কারণে ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দ করা জরুরি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *