টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ডেভিলহন্টের অভিযানে নাশকতার মামলায় আলম শেখ (৩৫) নামে এক আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
আজ রবিবার (২৪ আগস্ট) বিকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার গাবসার ইউনিয়নে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম শেখকে (৩৫) গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে ভূঞাপুর থানার চার পুলিশ সদস্য আহত হয়।আলম শেখ উপজেলার মেঘারপটল গ্রামের ফজলুল শেখের ছেলে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামি আলম শেখকে গ্রেফতার করতে গত কাল শনিবার ২৩ আগস্ট রাতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ৪ পুলিশ সদস্য আহত হয় এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।আজ রবিবার ২৪ আগস্ট সকালে গ্রেফতার আলম শেখকে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।
