অ্যাডভোকেট আলিফ হত্যাসহ আরো পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

মাইশা তাসনিম,ডেস্ক রিপোর্ট

2 Min Read

আজ মঙ্গলবার (৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত কোতোয়ালি থানার পাঁচটি মামলায় আটক থাকা ইসকন অনুসারী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের বিরোধিতার প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত দেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

চিন্ময় দাসকে গত বছরের ২৬ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে চট্টগ্রামে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ইসকন অনুসারীরা বিক্ষোভে নামে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত এলাকায় একটি মসজিদ, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

সবচেয়ে ভয়াবহ রূপ নেয় ওইদিন বিকেলে। আদালতের প্রধান ফটকের বিপরীত পাশে রঙ্গম কনভেনশন হলের গলিতে ইসকন অনুসারীদের হামলায় নিহত হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম।

ঘটনার তিনদিন পর, ২৯ নভেম্বর রাতে নিহত সাইফুলের বাবা জামাল উদ্দিন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে ৩১ জনকে অভিযুক্ত করা হয় নাম উল্লেখ করে। এ ছাড়া একই ঘটনায় পুলিশ ও অন্য ভুক্তভোগীরা আরও চারটি মামলা দায়ের করেন।

চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আদালতের নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রদায়ের সহাবস্থানের প্রশ্নে এ ঘটনা বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *