নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’–র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
গত রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসা থেকে মুফতি কাসেমীকে গ্রেফতার করা হয়। একই ঠিকানায় তার বাসা ও অফিস পরিচালিত হতো বলে জানা গেছে।
তার বিরুদ্ধে অভিযোগ—গত শুক্রবার (২১ নভেম্বর) কাসেমীর স্ত্রীর পক্ষে তার মামী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক নিশ্চিত করেছেন।
আদালত জামিন না মঞ্জুর করায় মামুনুর রশিদ কাসেমীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
