ভবিষ্যতে করছাড় বা কর অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমেই গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিয়মিত উদ্যোগ ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে ফরেন চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন,
ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ট্যাক্স আদায় করা যাবে না। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই কর আদায় করতে হবে।
তিনি আরও জানান, দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ যেন স্থিতিশীল ও সুষ্ঠু থাকে, তা নিশ্চিত করতে এনবিআর কাজ করছে। একই সঙ্গে ব্যবসায়ীরা যেন কর ফাঁকি দিতে না পারে, সেদিকেও কঠোর নজর রাখা হচ্ছে।
কর্মকর্তাদের উদ্দেশে আবদুর রহমান খান বলেন,
কোনো কর্মকর্তা যদি অন্যায় করেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মে জড়িত একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি এনবিআরের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শুধু পুরস্কার পাওয়ার মানসিকতা থেকে বের হয়ে সেবার মনোভাব গড়ে তুলতে হবে।
ভবিষ্যতে করনীতি ও করছাড়ের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তগুলো সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়ার সরকারি উদ্যোগ, অর্থনৈতিক জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
