বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্থানীয় নেতা আবু সাইদসহ ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। দীর্ঘ এক বছরের তদন্ত শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে পাবনা সদর থানার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা আদালতে এই চার্জশিট জমা দেন।

তদন্ত কর্মকর্তা নিশ্চিত করে জানান, চার্জশিটে নাম থাকা ১৩৬ জন আসামির মধ্যে এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিরা পলাতক থাকলেও তাদের গ্রেফতারে অভিযান চলছে।

পাবনা জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল বলেন,

তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিলের বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন। চার্জশিটের অনুলিপি হাতে না আসায় বিস্তারিত এখনো জানা যায়নি। তবে এজাহারে যাদের নাম ছিল, তাদের কারও নাম বাদ যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তে আরও ৩৪ জনকে নতুন করে আসামি করা হয়েছে।

২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই হামলায় অংশ নেন।

গোলাগুলিতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হোসেন নিলয় (১৬) নিহত হন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

ঘটনার ছয় দিন পর, ১০ আগস্ট নিহত জাহিদুলের বাবা মো. দুলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় ভাড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ এবং সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *