দেশে মোট মামলার ৮০ শতাংশই ভূমি সংক্রান্ত : সিনিয়র সচিব

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

দেশে মোট মামলার ৮০ শতাংশই ভূমি-সংক্রান্ত বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন আইন সম্পর্কে ধারণা প্রদান এবং রিট মামলার জবাব প্রেরণ প্রক্রিয়া বিষয়ক লার্নিং সেশনে’ তিনি এ তথ্য জানান।

সিনিয়র সচিব বলেন, জমির মালিকানা, দখল, হস্তান্তর বা বিরোধ দেখা দিলে তা আদালতে মামলা হিসেবে দায়ের হয়। যা দেওয়ানি বা ফৌজদারি উভয় প্রকৃতির হতে পারে। এসব মামলার মাধ্যমে জমির আইনি অধিকার প্রতিষ্ঠা, অবৈধ দখল থেকে মুক্তি কিংবা মালিকানা নির্ধারণ করা হয়।

তিনি আরও বলেন, ভূমি আইন জানা অত্যন্ত জরুরি। এটি শুধু সম্পত্তির অধিকার সুরক্ষিত করে না, বরং জালিয়াতি ও অবৈধ দখল প্রতিরোধ, সরকারি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুবিধা নিশ্চিত করতেও সহায়তা করে।

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বের কথা উল্লেখ করে সচিব বলেন, জমির মূল্যবৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, আবাসন, শিল্পকারখানা স্থাপন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে প্রতিনিয়ত ভূমির প্রকৃতি ও ব্যবহার পরিবর্তন হচ্ছে। এর ফলে কৃষিজমি, বনভূমি, পাহাড় ও জলাশয় কমে যাচ্ছে, যা পরিবেশ ও খাদ্য উৎপাদনের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, অবৈধ দখল ও জালিয়াতি রোধ, অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন ঠেকানো এবং বৈধ মালিকানা নিশ্চিত করতে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *