প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১১টি সংস্কার কমিশনের মধ্যে ১০টি কমিশনের মোট ৩৬৭টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৩৭টি সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ১৪টি আংশিক বাস্তবায়িত হয়েছে। বর্তমানে ৩১৬টি সুপারিশ বাস্তবায়নাধীন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, গত সপ্তাহে ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন ছিল, তবে সর্বশেষ পর্যালোচনায় আরও ২৪৬টি গুরুত্বপূর্ণ আশু সংস্কার সংযোজিত হয়েছে। এর মধ্যে শ্রম বিভাগের ৮২টি, নারী কমিশনের ৭১টি, এলজিআরডি মন্ত্রণালয়ের ৩৭টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩৩টি এবং তথ্য মন্ত্রণালয়ের ২৩টি সুপারিশ অন্তর্ভুক্ত।
শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, শ্রম বিভাগের বেশ কিছু সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকিগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
