ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি কমিশনারের স্বাক্ষরিত দুই পৃথক আদেশে এ পদায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
পদায়ন অনুযায়ী, সিটি-এডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুঈদ মোহাম্মদ রুবেলকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে উন্নীত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আকতারুজ্জামানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া নতুন আদেশে ফারজানা হককে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে রমনা বিভাগের ধানমন্ডি জোনে এবং মো. আব্দুল্লাহেল বাকীকে (ট্রাফিক) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনে পদায়ন করা হয়েছে।
এই পদায়নগুলোর মাধ্যমে ডিএমপির প্রশাসনিক কাঠামোয় আনা হয়েছে নতুন রদবদল, যা পুলিশের কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।
