শেরপুর সীমান্তে পাচারের চেষ্টা: মানবপাচার চক্রের ২৪ জন আটক

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মানবপাচার চক্রের সদস্যসহ ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে হলদীগ্রাম সীমান্ত পিলার ১১১০/এমপি’র কাছে শালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রাতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে পাচারচক্রের মূলহোতা নালিতাবাড়ীর বুরুঙ্গা গ্রামের মফিদুল ইসলাম পালিয়ে গেলেও দুইজন পাচারকারী ও চারজন সিএনজি চালকসহ মোট ২৪ জনকে আটক করা সম্ভব হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, জনপ্রতি ৫ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চুক্তি করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি গ্রামের আবুল হোসেনের ছেলে মিলন হক এবং নালিতাবাড়ীর বাতকুচি গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মজনু মিয়ার সঙ্গে।

আটকরা সবাই বাংলাদেশের নাগরিক, যাদের বাড়ি রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুর জেলায়। তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে গিয়ে চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা করেছিলেন। আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে।

এই ঘটনায় সীমান্তে মানবপাচার নিয়ন্ত্রণে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *