ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্ট এলাকায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে পারসোনা নন গ্রেটা (পিএনজি) বা অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান সম্প্রতি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যানসহ প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত সেনাসদস্যরা তাকে বাধা দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন।

সংগঠনটির মতে, এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল, মর্যাদা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত হানে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক পরিচয় কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে অবস্থান করার সুযোগ দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গা নয়; এটি একটি সংবেদনশীল ও নিরাপত্তা-নিয়ন্ত্রিত এলাকা।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন জানায়, নির্ধারিত সময়ের মধ্যে খালিদুজ্জামান তার আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চাইলে এবং ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার না করলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় পিএনজি ঘোষণার দাবি জানানো হবে। রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর মর্যাদা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও জানানো হয়।

এর আগে, খালিদুজ্জামানের একটি ৭ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গানম্যানসহ ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনাসদস্যরা তাকে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।

ভিডিওতে এক সেনাসদস্যকে বলতে শোনা যায়, ক্যান্টনমেন্টে অস্ত্রসহ প্রবেশ নিষিদ্ধ। এ সময় খালিদুজ্জামান সেনাসদস্যদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন এবং অভিযোগ তোলেন যে তারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।

পরে ওই ঘটনায় খালিদুজ্জামান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেন। তবে তার দুঃখ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কঠোর বিবৃতি ও আলটিমেটাম দেওয়া হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *