প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের এক সদস্যের আচরণ আড়াল করতে সেটিকে এআই-জেনারেটেড ছবি বলে দাবি, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মব সৃষ্টির ঘটনা এবং নতুন করে গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের পদক্ষেপ—এই তিনটি বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।
বুধবার সংগঠনের সভাপতি মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা একজন ছাত্রের মুখ চেপে ধরেন। ঘটনাটির ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। অথচ যাচাই করে একাধিক গণমাধ্যম ছবির সত্যতা নিশ্চিত করে। সম্পাদক পরিষদের মতে, পুলিশের এ ধরনের অজুহাত শুধু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।
গত ২৮ আগস্ট ডিআরইউতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে হঠাৎ করে একদল লোক প্রবেশ করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। সম্পাদক পরিষদ এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এবং ডিআরইউর অবস্থানকে সমর্থন জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের উদ্যোগ বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আইনটির নানা ধারা অপরিবর্তিত রেখে বাস্তবায়নের যে প্রক্রিয়া চলছে, তা পূর্ববর্তী সরকারের একতরফা মানসিকতারই পুনরাবৃত্তি। সম্পাদক পরিষদ মনে করে, এই প্রবণতা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং উদ্বেগজনক।
