যৌথ অভিযানে আটক ব্যক্তির মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ অভিযানে থাকা সেনাসদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটক এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন একটি ফার্মেসি থেকে মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *