প্রতারণার( ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা এক মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ প্রতিষ্ঠানের আরও দুই কর্মকর্তা।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৫ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত অন্য দুই কর্মকর্তা হলেন গ্রামীণফোন ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার সায়িদা হোসেন।
আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর গ্রামীণফোনের সাবেক কর্মী রাকিবুল আজম বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন।
