ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপে প্রশ্নবিদ্ধ বিসিবি নির্বাচন: আমিনুল

স্পোর্টস ডেস্ক

1 Min Read

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন নিয়ে উঠেছে নতুন বিতর্ক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সরাসরি হস্তক্ষেপের কারণেই এবারের বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

আমিনুলের দাবি, নির্বাচনের প্রক্রিয়ায় একাধিক কাউন্সিলরকে ভয়ভীতি ও চাপের মাধ্যমে ভোট প্রদানে প্রভাবিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, যারা নির্বাচনের নেপথ্যে কলকাঠি নেড়েছেন, তাদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনেরও প্রমাণ রয়েছে।

নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হওয়া নির্বাচনে ১৫৬ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয় মাত্র ১১৫টি। একপক্ষের ভোট বর্জনের মধ্য দিয়ে সীমিত পরিসরে সম্পন্ন হয় ভোটগ্রহণ। ফলাফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।

নির্বাচনের পর নবনির্বাচিত সভাপতি বুলবুল বলেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমেই তিনি থেকে গেছেন। অল্প সময়ে কিছু সফলতা দেখতে পেয়ে তিনি দেশের ক্রিকেটে আরও অবদান রাখতে চান বলে জানান।

তবে নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে ওঠা অনিয়মের অভিযোগ ও রাজনৈতিক প্রভাবের আভাসে দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই হস্তক্ষেপ ভবিষ্যতে ক্রীড়া প্রশাসনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *