ফেনীতে অ্যাম্বুলেন্সযোগে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেফতার ৩

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ অ্যাম্বুলেন্সটি।

গ্রেফতাররা হলেন— ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নুরে আলমের ছেলে সিএনজি চালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপ চালক মো. রাসেল (২৩) এবং আবদুল হালিমের ছেলে মো. শাহাদাত।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, মঙ্গলবার ভোরে টহলকালে মুহুরীগঞ্জ এলাকায় পিএইচপির সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স চোখে পড়ে। পুলিশ কাছে যেতেই ভেতর থেকে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তল্লাশিতে উদ্ধার করা হয়েছে তিনটি ধারালো ছুরি, একটি রশি ও তিনটি মোবাইল ফোন। এছাড়া জব্দ করা হয়েছে “নিউ উপশম জেনারেল হাসপাতাল” নামের একটি অ্যাম্বুলেন্স।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তারা সবাই পেশাদার ডাকাত দলের সদস্য। আটককৃতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালকই দলের নেতা বলে জানা গেছে।

এ ঘটনায় ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেছেন।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *