ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অবহেলার অভিযোগ তুলে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে তারা কয়েক মিনিটের জন্য যান চলাচল বন্ধ করে দেন।

শিক্ষার্থীরা বলেন,

আমাদের দাবির জায়গাটা হচ্ছে ঢাকা কলেজের অস্তিত্ব। ঢাকা কলেজ যেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। যে খসড়াটা প্রকাশ হয়েছে সেটা আমরা দেখেছি, আমরা পর্যালোচনা করেছি।

তারা আরও বলেন,

আমাদের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব আছে, থাকবে। কিন্তু এই মডেলের বিশ্ববিদ্যালয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না।

মিছিল শেষে তারা নীলক্ষেত ঘুরে ফের ক্যাম্পাসে ফিরে যান।

সরকার চলতি বছরের ২৬ মার্চ রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়—প্রস্তাবিত নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এর আওতায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে একত্রিত করা হবে।

গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত অধ্যাদেশের খসড়ায় বলা হয়, কলেজগুলোর অবকাঠামো দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালানো হবে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ও শাসনব্যবস্থা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

এই প্রস্তাবের বিরোধিতা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তে তাদের প্রতিষ্ঠানিক স্বকীয়তা নষ্ট হবে। তারা শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন, যাতে ঢাকা কলেজের ঐতিহ্য ও পৃথক পরিচয় অক্ষুণ্ণ থাকে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *