জেলা পর্যায়ে বিজয়ী সন্দ্বীপের সাঁতারুদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

চট্টগ্রাম, (সন্দ্বীপ) প্রতিনিধি

2 Min Read

চট্টগ্রাম জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এ অসাধারণ কৃতিত্ব অর্জনকারী সন্দ্বীপ উপজেলার বালক সাঁতার দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ (১৫ই অক্টোবর) বিকাল ৫ টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মংচিংনু মারমা জেলা পর্যায়ের বিজয়ী সাঁতারুদের ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করেন।

এ সময় তিনি সাঁতারুদের অভিভাবকদের সাথেও তাৎপর্যপূর্ণ মতবিনিময় করেন এবং ভবিষ্যতে প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,

অর্থাভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও সন্দ্বীপের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে একের পর এক পদক জিতে প্রমাণ করেছে—দক্ষতা ও ইচ্ছাশক্তি থাকলে বাধা কোনো বিষয় নয়।

উক্ত আয়োজন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার সভা, যেখানে উপজেলার ক্রীড়াঙ্গনের মানোন্নয়ন, খেলোয়াড় নির্বাচনে স্বচ্ছতা, ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার প্রসার এবং নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, এবং সদস্য শামসুল আজম মুন্না, ওমর ফয়সাল, আহসান ইকবাল, খালেদ ও শান্ত।

ইউএনও মংচিংনু মারমা বলেন,

এই সাফল্য সন্দ্বীপের প্রতিটি শিক্ষার্থীর প্রেরণার উৎস। আমরা চাই, আগামী বছর জাতীয় পর্যায়েও সন্দ্বীপের নাম ছড়িয়ে পড়ুক।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেই সন্দ্বীপ জেলা ও জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *