বাংলাদেশ খেলাফত মজলিস তাদের ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন জোরদারের ঘোষণা দিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জেলা-উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে।
বৈঠকে জানানো হয়, জুলাই সনদকে উপেক্ষা করা হলে জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় নামতে পারে। নেতৃবৃন্দের মতে, এটি কেবল রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার সুস্পষ্ট রূপরেখা।
ইতোমধ্যে ঢাকায় এবং বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বৈঠকে স্পষ্ট জানানো হয়, জনগণের ন্যায্য অধিকার আদায়ে খেলাফত মজলিস শেষ পর্যন্ত রাজপথে থাকবে।
সভায় আরও আলোচিত হয় আমীরে মজলিস মাওলানা মামুনুল হকের আফগানিস্তান সফর। নেতৃবৃন্দ এই সফরকে সময়োপযোগী উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তা বাতিলের দাবি জানানো হয়। এর পরিবর্তে শিশুদের নৈতিক ও চারিত্রিক বিকাশের স্বার্থে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি তোলে সংগঠনটি।
নেতৃবৃন্দ বলেন, ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আগামী দিনের কর্মপন্থা আরও শক্তিশালী করা হবে।
