খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল এবং নগদ ৭ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এ উদ্যোগকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃদা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে ধারাবাহিক সহায়তা দেওয়া হবে। শুধু ত্রাণ নয়, ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় কর্মজীবনে ফিরিয়ে আনতে বিশেষ পুনর্বাসন কর্মসূচি গ্রহণের কথাও ভাবা হচ্ছে।
স্থানীয়দের আশা, প্রশাসনের এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে সহিংসতার ক্ষত কাটিয়ে উঠতে পরিবারগুলো নতুন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
