১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আগামী ফেব্রুয়ারিতে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তার মতে, দেশের মানুষ অধীর আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষায় আছে, আর এই নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্বার খুলবে।
সোমবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ড. মঈন খান বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার পথ কখনোই সহজ নয়। তবে দেশের মানুষ গণতন্ত্র চায়, এবং সেই সুযোগ ফেব্রুয়ারিতেই আসছে।”
তিনি আরও উল্লেখ করেন, ভোটাধিকার পুনরুদ্ধার করা ছাড়া জাতির এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই এখন সময়ের দাবি।
