লন্ডনে ইরানি দূতাবাসে পতাকা অবমাননা, ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

1 Min Read

লন্ডনে ইরানি দূতাবাস থেকে ইরানের জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। ঘটনাটিকে ‘রাষ্ট্রীয় প্রতীক অবমাননা’ হিসেবে উল্লেখ করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) লন্ডনের কেনসিংটনে অবস্থিত ইরানি দূতাবাসের সামনে ইরানের চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানাতে জড়ো হন প্রবাসী ইরানিরা। এ সময় এক বিক্ষোভকারী দূতাবাস ভবনের দেয়াল বেয়ে উঠে ইসলামিক প্রজাতন্ত্রের জাতীয় পতাকা সরিয়ে ফেলেন।

পরে তিনি দূতাবাসের প্রধান প্রবেশপথের উপরের বারান্দায় ১৯৭৯ সালের আগের ইরানের রাজকীয় পতাকা টানান, যেখানে সিংহ ও সূর্যের প্রতীক রয়েছে। এই পতাকাটি বিদেশে অবস্থানরত সরকারবিরোধী ইরানিদের আন্দোলনে প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে।

ঘটনার পর দূতাবাস কর্তৃপক্ষ দ্রুত পতাকাটি পুনরুদ্ধার করে এবং জাতীয় পতাকা পুনরায় উত্তোলন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়, দূতাবাসে ইরানের পতাকা আবারও উত্তোলিত রয়েছে।

এ ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে লন্ডনে দূতাবাস প্রাঙ্গণে সংঘটিত ঘটনার বিষয়ে তীব্র অসন্তোষ জানানো হয় এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ইরানে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের প্রভাব দেশটির বাইরে থাকা ইরানি সম্প্রদায়ের মধ্যেও ছড়িয়ে পড়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *