সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

ছিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

2 Min Read

কক্সাবাজারের টেকনাফে সীমান্ত এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবকের নাম মো. হানিফ (২৫)।

সোমবার (আজ) সকাল আনুমানিক ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হানিফ ওই এলাকার ফজল করিমের ছেলে। তিনি নাফ নদীতে একটি মাছের প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে নদীর তীরবর্তী এলাকায় চলাচলের সময় মাটিতে পুঁতে রাখা একটি মাইনের ওপর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের পর আশপাশে থাকা স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন,
“নাফ নদীতে মাছের একটি প্রকল্পে কাজ করার সময় এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, নাফ নদী ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় আরও মাইন পুঁতে রাখা থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাইন শনাক্ত ও অপসারণ এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষের চলাচলে সতর্কতা জারির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও সম্প্রতি টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হওয়ার ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *