টেকনাফ সীমান্তের ওপার থেকে আসা গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত

কক্সবাজার প্রতিনিধি

1 Min Read

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে। আহত কিশোররা বর্তমানে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জরপাড়া এলাকার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত কিশোররা হলো—হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মো. সোহেল (১৬) ও মো. আব্দুল্লাহ (১৭)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে দুই কিশোর নাফ নদীর সীমান্ত এলাকায় মাছ ধরতে যায়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তারা মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়। তবে আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, গুলিগুলো ভারী অস্ত্র থেকে ছোড়া হয়নি।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

এর আগেও একই সীমান্ত এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চলতি মাসে সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক শিশু গুরুতর আহত হয়। পাশাপাশি সীমান্তের ভেতরে মাইন বিস্ফোরণের ঘটনায় এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটে।

টেকনাফ সীমান্তে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *