কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল গফুর। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মঙ্গলবার (২১ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী ড. গফুরকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। নতুন ভিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং প্রযোজ্য আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এই প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
ড. আব্দুল গফুর দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন এবং গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে বলে একাডেমিক মহলে আশা করা হচ্ছে।
