শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতে ১৮ জানুয়ারি কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

ছিদ্দিকুর রহমান, কক্সবাজার প্রতিনিধি

2 Min Read

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে তারেক রহমান পেকুয়া উপজেলায় গিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।

দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন—এটি জেলা বিএনপি পরিবারের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

এদিকে কক্সবাজার সফরে তারেক রহমান যেন ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী শহীদ জাগির হোসেনের পরিবারের খোঁজ নেন, এমন প্রত্যাশাও জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে নিহত শহীদ জাগির হোসেনের পরিবার ও তার দুই এতিম সন্তানের খোঁজ নিলে তা নেতাকর্মীদের জন্য বড় প্রাপ্তি হবে।

এর আগে তারেক রহমানের ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফর এবং ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *