ইরানকে ঘিরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভেটো দিয়েছে দুই পরাশক্তি চীন ও রাশিয়া। হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানানো ওই প্রস্তাবের বিরোধিতা করে তারা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
প্রস্তাবটি উত্থাপন করে বাহরাইন। কয়েক সপ্তাহের আলোচনা শেষে খসড়াটি শিথিল করা হলেও, শেষ পর্যন্ত এতে ভেটো দেয় চীন ও রাশিয়া। প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের ১১টি দেশ, আর পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ইরান।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেন, এই ভেটো নিরাপত্তা পরিষদকে আগ্রাসন বৈধতা দেওয়ার হাত থেকে রক্ষা করেছে। তার মতে, চীন ও রাশিয়া নিশ্চিত করেছে যে পরিষদকে কোনো পক্ষের স্বার্থে ব্যবহার করা যাবে না।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই ভেটোর তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখে আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে, বিশেষ করে কঙ্গো, সুদান ও গাজার মতো অঞ্চলে।
বিশ্লেষকদের মতে, ইরান, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত সমন্বয় ক্রমেই স্পষ্ট হচ্ছে। পশ্চিমা প্রভাব মোকাবিলায় এই ত্রয়ীর পারস্পরিক সমর্থন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।
