কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ অভিযানে মোট ২ কোটি ১১ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে ভারতীয় গবাদি পশু ১২৫টি, ভারতীয় মদ ৬৩৫ বোতল, গাঁজা ১৪৫ কেজি, ইয়াবা ৭৭২ পিস, জিরা ৫৫৯ কেজি, চিনি ১৯০ কেজি এবং ৪৯৬ পিস কমপ্লিট ড্রেস জব্দ করা হয়েছে। এছাড়া ভারতীয় রুপি ৭৯ হাজার, ৪৫ হাজার ১৫০ পিস আতশবাজি ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বড় ধরনের মাদক চালান আটক হওয়ায় সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
