সম্ভাবনার বার্তায় ইংরেজি নববর্ষ ২০২৬-এর শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

সম্ভাবনার বার্তায় ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এই আগমনী বার্তা আমাদের নতুন করে উদ্বেলিত করে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা শুরু হয়েছে, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব—এমন প্রত্যাশা রয়েছে। নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার কথাও বলেন তিনি।

বাণীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে আসন্ন নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে—নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *