বেগম জিয়ার মরদেহ সংসদ ভবনে নেয়া হবে বুধবার সকালে, সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নেয়া হবে। এ সময় পুরো রুটজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ পরিবহন, জানাজা ও দাফন—প্রতিটি ধাপে রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মান নিশ্চিত করা হবে।

প্রেস সচিব বলেন, পুরো রাস্তায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশের প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। জানাজা ও দাফন কার্যক্রম নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

তিনি আরও জানান, জানাজা অনুষ্ঠান বেসরকারি গণমাধ্যমগুলো কাভারেজ করতে পারবে। তবে দাফন কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে শুধু রাষ্ট্রীয় টেলিভিশনে।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় ইন্তেকাল করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *