ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মেহেরপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ আরও ২৯ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মুজিবনগর সীমান্তের ১৫৫ নম্বর মেইন পিলারের স্বাধীনতা সড়কে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বাংলাদেশের পক্ষে ৬ বিজিবির মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার এবং ভারতের হৃদয়পুর কোম্পানি কমান্ডার অনিল কুমার যাদব নেতৃত্ব দেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নয়জন করে সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, হস্তান্তরকৃতদের মধ্যে ১৭ জন নারী, ১১ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। জীবিকার তাগিদে তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে বিএসএফ তাদের আটক করে আইনি প্রক্রিয়া শেষে বিজিবির কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—যশোরের মো. মিরাজ ইকরামুল গাইন (১৯), মোছা. আমিনা খাতুন (৪৫), মোছা. রুনা খাতুন (৩০), মোছা. মমতাজ রফিক মণ্ডল (৪৫), নড়াইলের শিশু আয়েশা খাতুন (২), ঝিনাইদহের জামিলা খাতুন (৪০), কুমিল্লার বিল্লাল হোসেন (৪০), শরীয়তপুরের নুসরাত জাহান ডলি (২৫) এবং কক্সবাজারের নুরুল আলম (৩৬) প্রমুখ।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিজিবি থেকে হস্তান্তরপ্রাপ্তদের থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে ফেরত দেওয়া হবে।
এর আগে একই দিন দুপুরে গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে ৩০ জন এবং কাজিপুর সীমান্ত দিয়ে আরও ৩০ জন বাংলাদেশিকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। ফলে একদিনে তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে মোট ৮৯ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
স্থানীয় প্রশাসনের মতে, দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব ও সীমান্ত এলাকায় অনুপ্রবেশ নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে প্রতিবছরই অনেক মানুষ জীবিকার সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
