পরিকল্পিত আঘাতেই লক্ষ্যবস্তু হয় গণমাধ্যম: নাহিদ ইসলাম

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

প্রথম আলো ও ডেইলি স্টারে চালানো হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই—এটি ছিল সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, হামলায় জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান এবং শহীদ শরিফ ওসমান হাদির নাম ব্যবহারের ঘটনা প্রমাণ করে—এটি ছিল আগেভাগেই সাজানো পরিকল্পনা, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে।

নাহিদ ইসলাম বলেন, এই হামলার ঘটনায় সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা এবং শক্তিশালী রাজনৈতিক ব্যাকআপ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তার মতে, সত্য উদঘাটনে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়া গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি জোর দিয়ে বলেন, দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে সরকারকে বাধ্য করতে হবে। অন্যথায় এ ধরনের হামলা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এই প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভা শেষে হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র টিকিয়ে রাখতে সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *