নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি জানান, শপথ অনুষ্ঠানের জন্য সচিবালয়ের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, নির্বাচিত ২৯৭টি সংসদীয় আসনের ফলাফলের গেজেট প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আইন অনুযায়ী সংসদ সদস্যদের তিন কর্মদিবসের মধ্যে শপথ গ্রহণের বিধান রয়েছে। সে হিসেবে আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হতে পারে।
স্পিকার না থাকলে কে শপথ পড়াবেন—এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্পিকার মনোনীত না হলে সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠান পরিচালনা বা শপথ পাঠ করাতে পারেন।
শপথ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন বলেও জানান তিনি।
