বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দেশের তফসিলি ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় উল্ল্যেখ করা হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। এ অবস্থায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার সাশ্রয়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা

ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা ও অন্যান্য অফিসে বিদ্যুৎ ব্যবহারে সংযম দেখাতে বলা হয়েছে। বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার (এসি) ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত রাখতে হবে। দিনের আলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনে লাইট ও এসি বন্ধ রাখতে হবে। এছাড়া এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা

ব্যাংকের ব্যবহৃত যানবাহনের জ্বালানি খরচ কমাতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে মিতব্যয়িতা অবলম্বনের কথা বলা হয়েছে। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে কার-পুলিং ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আনুষঙ্গিক যাতায়াত ব্যয় সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায়িক কার্যক্রমে সংযম

ব্যাংকগুলোকে আলোকসজ্জা ও প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারে নির্ধারিত সময়সূচি ও বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার এবং জেনারেটরে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ‘বিদ্যুৎ ও জ্বালানি দক্ষ ব্যবহার এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের জ্বালানি সাশ্রয়ী ব্যবহার প্রসঙ্গে’ শিরোনামে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার লেটারের নির্দেশনাগুলোও যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *