মৌলভীবাজারের কমলগঞ্জে এক কর্মজীবী নারীকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
পুলিশ জানায়, গত রোববার (৮ মার্চ) কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা মো. মাসুদ পারভেজের স্ত্রী ফাতেমা পারভেজ নিশি কর্মস্থল শ্রীমঙ্গলে যাওয়ার জন্য বালিগাঁও বটতলা বাজারে যানবাহনের অপেক্ষায় ছিলেন। এ সময় সাদা রঙের একটি প্রাইভেট কারে করে পাঁচজনের একটি দল সেখানে এসে দাঁড়ায়।
এরপর গাড়ি থেকে নেমে মো. জাকির মিয়া নামের এক যুবক নিশির হাত-মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। তবে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়দের দৃষ্টি আকর্ষিত হয়। পরিস্থিতি বেগতিক দেখে অপহরণকারীরা দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার (৯ মার্চ) ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ সিলেট মহানগর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে এবং অপহরণে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— কুলাউড়া উপজেলার শ্রীপুর গ্রামের মতছির আলীর ছেলে ও মূল আসামি মো. জাকির মিয়া, জেলা শহরের সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে কাওসার আহমেদ এবং বেরিরচরের নুর মিয়ার ছেলে জসিম মিয়া।
পুলিশ সুপার জানান, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
