শহীদ ওসমান হাদির আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে কিশোরগঞ্জে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে নবনির্মিত সড়কটির নাম রাখা হয়েছে ‘শহীদ ওসমান হাদি সড়ক’।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে সড়কটির উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রশিদাবাদ ইউনিয়নের সগড়া বিশ্বরোড সংলগ্ন সাইনবোর্ড মোড় এলাকায় ‘কিশোরগঞ্জবাসী’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শহীদ ওসমান হাদির সংগ্রামী জীবন, সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, ন্যায়ের পথে অবিচল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ওসমান হাদি ছিলেন এক অনুকরণীয় নাম। তার নামে সড়ক নামকরণের মাধ্যমে সেই আদর্শকে স্থায়ীভাবে তুলে ধরা হলো।
এ সময় কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা আশিকুজ্জামান আশিকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনের শেষ পর্যায়ে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সড়ক নামকরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিশোরগঞ্জবাসী শহীদ ওসমান হাদির প্রতি তাদের শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেছে।
