ওমান থেকে ফেরত এলো সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ

তানজিলা তন্নি, চট্টগ্রাম প্রতিনিধি

2 Min Read

ওমানের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার (১৮ই অক্টোবর) রাত সোয়া আটটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁদের মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরবর্তীতে রাত ৯টা ২০ মিনিটে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ওই সাতজন প্রবাসী দীর্ঘদিন ধরে ওমানের সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। নিহতরা হলেন—আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) ও মোশারফ হোসেন রনি (২৬)।

স্বজনদের বরাতে জানা গেছে, গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় তাঁদের বহনকারী গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।

নিহত আমিন মাঝির ভাই আলী আজগর জানিয়েছেন, বিমানবন্দর থেকে লাশ বুঝে নেওয়ার পর তাঁরা রোববার (১৯ই অক্টোবর)  সকাল ছয়টায় সন্দ্বীপের উদ্দেশে রওনা দেবেন। সকাল ৯টা ১৫ মিনিটে পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে একসঙ্গে সাত প্রবাসীর জানাজার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানিয়েছেন,

সাতজন রেমিট্যান্স যোদ্ধার আকস্মিক মৃত্যু পুরো সন্দ্বীপবাসীকে শোকাহত করেছে। একসঙ্গে জানাজার আয়োজন করা হয়েছে, যাতে সর্বস্তরের মানুষ তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন।

এই সাত প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সন্দ্বীপে। স্থানীয়রা বলছেন, জীবনের তাগিদে বিদেশে পাড়ি দেওয়া এই মানুষগুলোই ছিল তাঁদের পরিবারের একমাত্র ভরসা—যাঁরা জীবিত অবস্থায় যেমন একসঙ্গে কাজ করতেন, মৃত্যুতেও একসঙ্গে ফিরে এলেন মাতৃভূমির মাটিতে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *