ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীরা বঞ্চিত: ভিপি প্রার্থী সাদিক কায়েম

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেছেন, অতীতে ডাকসুকে ব্যবহার করে অনেকে বড় নেতা হয়েছেন, কিন্তু শিক্ষার্থীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া বাস্তবায়নে কাজ করতে চায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। অতীতের বিভিন্ন কমিটি শিক্ষার্থীদের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। আমাদের ইশতেহারে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতিচ্ছবি থাকবে এবং এগুলো পূরণে আমরা কাজ করবো।

এ সময় ফরম উত্তোলন ও জমা দেওয়ার সময় বাড়ানোর সমালোচনা করেন সাদিক কায়েম। তার দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। শিক্ষকদের রাজনৈতিক আদর্শ প্রকাশ এবং একপাক্ষিক অবস্থান গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদও সময় বাড়ানোর সিদ্ধান্তকে একটি দলের প্রতি পক্ষপাতমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এতে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে। আলোচনার বাইরে গিয়ে একতরফাভাবে এমন সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সঠিক হয়নি।

এছাড়া, বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ফ্রেমিংয়ের মাধ্যমে ছাত্র শিবিরকে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন ফরহাদ। তার দাবি, অনেকেই ভুলভাবে বর্তমান প্যানেলকে শিবিরের ‘প্রথম প্রকাশ্য প্যানেল’ হিসেবে উপস্থাপন করছে, যা সঠিক নয়। ১৯৭৯ সাল থেকে ডাকসু নির্বাচনে শিবিরের পক্ষ থেকে প্যানেল দেয়া হয়েছে এবং সেসব থেকে প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন।

তিনি আরও জানান, চলতি বছরের ডাকসু নির্বাচন ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর মধ্যে পাঁচবারই শিবির তার নিজস্ব প্যানেল থেকে নির্বাচন করেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *