নির্বাচনে ভোটগ্রহণ সংশ্লিষ্টদের কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন সামান্যতম কোনো বিচ্যুতি মেনে নেবে না। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান ভাবমূর্তি সংকটে পড়েছে মূলত নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাবে। সে কারণে এক চুল পরিমাণ পক্ষপাতিত্বও গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো পক্ষপাতিত্বমূলক নির্দেশনা কখনোই দেওয়া হবে না। এরপরও কেউ যদি নিজের পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে ব্যর্থ হন এবং পক্ষপাতিত্বে জড়িত বলে প্রমাণিত হন, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে।
এবারের নির্বাচনের সঙ্গে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি জড়িত উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন শুধু গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় পর এটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এবং প্রথমবারের মতো কার্যকরভাবে পোস্টাল ব্যালট বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির ব্যবহারেও এটি একটি নতুন অভিজ্ঞতা।
ইসি সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে সবার ঐক্যবদ্ধতা অত্যন্ত জরুরি। ফেনী জেলায় এখন পর্যন্ত সেই পরিবেশ বিদ্যমান রয়েছে। অতীতের তুলনায় এবার আচরণবিধি মানার প্রবণতাও বেড়েছে, যা নির্বাচন পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখছে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, মানুষের যেন নির্বিঘ্ন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা যায়, সেটিই প্রধান লক্ষ্য। ভালো নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত কাজের কোনো বিকল্প নেই।
ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
