চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মোট ২৬টি পদে নির্বাচনের মধ্যে ২৪টি পদেই জয় পেয়েছে এই প্যানেল।
ভিপি (সভাপতি) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম হোসেন রনি এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব। অন্যদিকে, এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক। সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র শিক্ষার্থী জোটের তামান্না মাহবুব প্রীতি নির্বাচিত হয়েছেন।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭,৯৮৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪,৩৭৩ ভোট। জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮,০৩১ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মোঃ শাফায়াত হোসেন পেয়েছেন ২,৭২৪ ভোট। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৭,০১৪ ভোট এবং শিবিরের সাজ্জাদ হোসাইন মুন্না পেয়েছেন ৫,০৪৫ ভোট।
চাকসুর বাকি পদগুলোতেও শিবির সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। সাহিত্য, সংস্কৃতি, দপ্তর, ছাত্রী কল্যাণ, তথ্যপ্রযুক্তি, গবেষণা, সমাজসেবা, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক, যোগাযোগ, আইন, পাঠাগারসহ প্রায় সব গুরুত্বপূর্ণ পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা বিজয়ী হন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হারেজুল ইসলাম (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), আব্দুল্লাহ আল নোমান (দপ্তর সম্পাদক), জান্নাতুল ফেরদৌস রিতা (ছাত্রী কল্যাণ সম্পাদক), মাহবুবর রহমান (বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক), মোনায়েম শরীফ (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক), এবং মেহেদী হাসান সোহান (ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক)।
এবারের নির্বাচনে মোট ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ জন প্রার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৪ জন, জিএস পদে ২২ জন এবং এজিএস পদে ২১ জন। এছাড়া হল ও হোস্টেল সংসদে মোট ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ মোট ভোটার সংখ্যা ছিল ২৭,৫১৬ জন। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ১৭,৭১৭, যা মোট ভোটারের ৬৪.৩৯ শতাংশ। ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনের ৬০টি কক্ষে এবং ৬৮৯টি পোলিং বুথে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনের দ্বিতীয় তলায় আলাদা বুথে ভোটদানের ব্যবস্থা করা হয়।
