ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে।
সকালে ক্যাম্পাসজুড়ে দেখা যায় প্রাণচাঞ্চল্য। ভোট শুরু হওয়ার আগেই শিক্ষার্থীরা লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ভোট দেওয়ার জন্য। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে রবিবার ছিল প্রচারণার শেষ দিন। সেদিন টিএসসি, মধুর ক্যান্টিন, অনুষদ ভবন ও বিভিন্ন আবাসিক হলে লিফলেট বিতরণ, স্লোগান আর প্রার্থীদের সরব উপস্থিতিতে ক্যাম্পাস মুখর ছিল।
এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন আছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন নির্বাচনী আমেজ, যা অনেকেই বলছেন জাতীয় রাজনীতিতেও প্রতিফলিত হতে পারে। শিক্ষার্থীরা আশাবাদী, নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে ডাকসু আবারও হয়ে উঠবে জাতীয় রাজনীতির ‘মিনি পার্লামেন্ট’।
