নির্বাচনী প্রচারণায় ধর্মীয় বক্তব্য ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াতের প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রেজওয়ানা আফরিন এ শোকজ নোটিশ জারি করেন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৭ জানুয়ারি রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী উঠানবৈঠকে ফয়জুল হক জনসমক্ষে এমন বক্তব্য দেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং ভোট প্রার্থনায় ধর্ম ব্যবহারের শামিল। বক্তব্যটি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় তা কমিটির নজরে আসে।
কমিটির মতে, ওই বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর একাধিক ধারা— বিশেষ করে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতির অপব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানোর বিধি— স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।
এ প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অনুসন্ধান প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ১২ জানুয়ারি সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জামায়াত প্রার্থী ফয়জুল হক বলেন, তিনি নোটিশের কপি পেয়েছেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উদ্দেশে সাধারণভাবেই কথা বলেছেন তিনি এবং কোনো ধর্মীয় অপব্যবহারের উদ্দেশ্য ছিল না।
তিনি আরও জানান, নির্ধারিত তারিখে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে শোকজ নোটিশের জবাব দেবেন।
